
বাহরাইনের হিদ এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে “এম এম টি ফিটনেস জিম সেন্টারের” শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার তরুণ উদ্যোক্তা মাসুম ইলিয়াস জানান, প্রবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহ প্রদান এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিই তার অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহরাইনি নাগরিক সালেহ ফাহাদ আলী ও জাসিম আব্দুল্লা।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটি বাহরাইনের অর্থ সম্পাদক মোতালেব আব্দুল বারী মোল্লা,

বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি মোহাম্মদ ইমন, বাংলাদেশ ইয়াং এসোসিয়েশন বাহরাইনের সভাপতি নাজির আহমদ এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সজিব বজলুর রশীদ।

এছাড়াও স্থানীয় বাহরাইনি নাগরিক, বাংলাদেশি প্রবাসী এবং দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কমিউনিটি নেতৃবৃন্দরা বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি তরুণদের ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসা অত্যন্ত ইতিবাচক।

এ ধরনের উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, অন্যদিকে প্রবাসীদের সুস্থ জীবনযাপন, স্বাস্থ্য সচেতনতা ও নিয়মিত শরীরচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





